গান / পূজা

আলোকের এই ঝর্নাধারায় (আজ আলোকের এই ঝর্নাধারায়)

পূজা
আলোকের  এই ঝর্নাধারায়  ধুইয়ে  দাও।

               আপনাকে  এই লুকিয়ে-রাখা  ধুলার ঢাকা ধুইয়ে  দাও॥

       যে জন   আমার মাঝে জড়িয়ে আছে  ঘুমের জালে

       আজ     এই  সকালে ধীরে ধীরে তার  কপালে

       এই      অরুণ-আলোর  সোনার-কাঠি  ছুঁইয়ে  দাও।

            বিশ্বহৃদয়-হতে-ধাওয়া  আলোয়-পাগল প্রভাত-হাওয়া,

               সেই  হাওয়াতে হৃদয়  আমার নুইয়ে  দাও॥

       আজ      নিখিলের আনন্দধারায়  ধুইয়ে  দাও,

               মনের  কোণের সব  দীনতা মলিনতা  ধুইয়ে  দাও।

       আমার    পরান-বীণায় ঘুমিয়ে  আছে অমৃতগান–

       তার     নাইকো  বাণী,  নাইকো ছন্দ, নাইকো  তান।

       তারে     আনন্দের এই জাগরণী ছুঁইয়ে  দাও।

              বিশ্বহৃদয়-হতে-ধাওয়া   প্রাণে-পাগল  গানের হাওয়া,

              সেই  হাওয়াতে হৃদয়  আমার নুইয়ে  দাও॥